ফরিদগঞ্জে বিকল্প সমবায়ের মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান

ফরিদগঞ্জে বিকল্প সমবায়ের মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

মো: মনির হোসেন : ফরিদগঞ্জে বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড আয়-ব্যয় পর্যালোচনা, উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার চান্দ্রা বাজারে সমিতির নিজস্ব ভবন বন্ধন টাওয়ারের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য, সুবিধাভোগী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাব উদ্দিন। তিনি সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. নূরে আলম।

সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাব, উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য, বিভিন্ন সমস্যা সমাধানের উপায়, সঞ্চয় প্রবণতা বৃদ্ধি, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খান, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন গাজী, সম্পাদক মো. নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মো. খালেদ হোসেন খান, সদস্য মো. আবুল কালাম খান, মো. হুমায়ুন কবির ও মো. আহসান হাবীব। এছাড়া বিভিন্ন প্রাথমিক সমিতির ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী এবং সুবিধাভোগীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সমবায় কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপস্থিত সদস্য, সুবিধাভোগী এবং এলাকাবাসীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *