পুলিশ-সাংবাদিক সহযোগিতায় জোর দিলেন নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

পুলিশ-সাংবাদিক সহযোগিতায় জোর দিলেন নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করবে।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আমাকে এক সপ্তাহ সময় দিন। কিশোর গ্যাং কীভাবে পরিচালিত হচ্ছে তা পর্যালোচনা করি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, সাংবাদিকদের কাছ থেকে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা করেন এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ মিজানুর রহমান জানান, জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন, পর্যায়ক্রমে শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং থানায় মামলা দায়েরের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকসেবী ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজন হলে ডোপ টেস্ট করা হবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুরে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুরের সম্পাদক কে এম মাসুদ এবং এনটিভির জেলা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম।

বক্তারা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তারা মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, কিশোর গ্যাং দমন, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, যানজট নিরসন এবং জনগণের জন্য আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির ও আল ইমরান শোভন, যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আজকের কাগজের জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক মিজানুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান। সভায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *