কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের আলোচিত বৃদ্ধা ফাতেমা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির বগু মিয়ার ছেলে ইয়াছিন (২২)। সোমবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল তদন্ত ও অভিযান শুরু করে। ধারাবাহিক অনুসন্ধান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।
এর আগে রোববার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা বৃদ্ধা ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
চাঞ্চল্যকর এ ঘটনার দ্রুত তদন্ত এবং আসামি গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার করে সাচার পুলিশ ফাঁড়ি কার্যকর ভূমিকার নজির স্থাপন করেছে।
এ ঘটনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “কচুয়ায় কোনো অপরাধী ছাড় পাবে না। অপরাধ দমনে পুলিশ সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।”

