নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সরকারি মহিলা কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে ৩৯ জন শিক্ষার্থীর হাতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ এবং ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ তুলে দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মোট এক লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী ও ডা. এস এম সহিদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’র আওতায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ২৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’র আওতায় বাংলা, ইংরেজি, ইতিহাস ও সমাজকর্ম বিভাগের ১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এতে সর্বমোট ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে এ ধরনের শিক্ষাবৃত্তি ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

