মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয় : এসপি রবিউল হাসান

মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয় : এসপি রবিউল হাসান

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেছেন, মাদকসেবী ও মাদক কারবারিরা অপরাধে জড়ানোর আগে সমাজেরই সন্তান, ভাই কিংবা প্রতিবেশী। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদক নির্মূল সম্ভব। তিনি বলেন, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২৭ জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তা সড়কে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “পুলিশ প্রশাসন দায়িত্বে থাকা অবস্থায় এই এলাকায় মাদক কারবারি, কিশোর গ্যাং কিংবা চাঁদাবাজদের কোনো স্থান হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।

হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমেদ গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একসময় হানারচর ইউনিয়নে চোর-ডাকাতের দৌরাত্ম্য ছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একইভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদেরও এক সপ্তাহের মধ্যে অপরাধের পথ থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পরও যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *