ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারিসহ আটক ৫
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক কারবারিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় একাধিক পুলিশ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মো. আরিফুর রহমান সরকার, এসআই হুমায়ূন কবির, এসআই আশরাফুল আলম, এসআই শফিকুল ইসলাম, এসআই মো. জাকির হোসেন এবং এএসআই জুমায়েত জুয়েলসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মিরাজ হোসেন (২১), শাসিয়ালী এলাকা থেকে ইমাম হোসেন (৩৫), পূর্ব এখলাশপুর এলাকা থেকে জুয়েল রানা (৪৩) এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন থেকে আল আমিনকে (২৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পৃথক আরেক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মফিজ উল্লাহকে রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব গাব্দেরগাঁও এলাকার একটি পুরাতন বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত আসামিকেও আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সাম্প্রতিক সময়ে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে ইয়াবা ও গাঁজা পাচার এবং স্থানীয় পর্যায়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

