স্টাফ রিপোর্টার : দীর্ঘ ২৭ বছরের নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে অবসরে গেলেন চাঁদপুরের পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিক। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন বিদায় সংবর্ধনা।
বুধবার (২৪ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম ও হাবীবুর রহমান, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন সুলতানা, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বশির উল্যা খান, শিক্ষক মাকছুদুল মাওলা, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ হোসাইন, শিক্ষক-অভিভাবক কমিটির সহ-সভাপতি জাকির হোসেন খান শিপন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাহেলা মেহেজাবিন ছোঁয়াসহ অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে ধ্রুব রাজ বণিকের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, মেধা উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন শিক্ষক, অভিভাবক ও পথপ্রদর্শক হিসেবে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোছাদ্দেক হোসেন ধ্রুব রাজ বণিককে ‘শিক্ষা অঙ্গনের ধ্রুবতারা’ ও ‘আদর্শ শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তিনি তাঁর সুস্থ, সুন্দর ও দীর্ঘ অবসর জীবন কামনা করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদায়ী শিক্ষক ধ্রুব রাজ বণিক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তি এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি বিএম ওমর ফারুক, সদস্য সোলাইমান ঢালী ও তাপস দত্ত, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ব্যবসায়ী ইউশা শেখসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক কমিটি, অভিভাবক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও বিভিন্ন স্মারক উপহার প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি এ কে এম মিজানুর রহমান তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

