ফরিদগঞ্জ থানার নতুন ওসি এরশাদ উল্লাহ

ফরিদগঞ্জ থানার নতুন ওসি এরশাদ উল্লাহ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

মো: মনির হোসেন : ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. এরশাদ উল্লাহ। বুধবার (২৪ জুন) দুপুরে তিনি বিদায়ী ওসির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে থানার কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

পুলিশ বিভাগের অভিজ্ঞ এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০০৫ সালে সারদা পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর ২০০৬ সালে ফেনী জেলায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে তাঁর কর্মজীবনের সূচনা হয়।

পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি নরসিংদী জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তাঁর কর্মদক্ষতা ও পেশাদারিত্ব প্রশংসিত হয়। পরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে বদলি হয়ে তিনি চাঁদপুর জেলায় যোগদান করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান তাঁকে ফরিদগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্ব দিয়ে অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেন।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবাগত ওসি মো. এরশাদ উল্লাহ বলেন, ফরিদগঞ্জবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও কার্যকর আইনি সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার নয়; এ কাজে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি ফরিদগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয়রা আশা করছেন, নবাগত ওসির নেতৃত্বে ফরিদগঞ্জ থানার সেবার মান আরও উন্নত হবে এবং অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *