ফরিদগঞ্জে শিক্ষিকা পরিবারের বন্ধ পথ খুলে দিল প্রশাসন

ফরিদগঞ্জে শিক্ষিকা পরিবারের বন্ধ পথ খুলে দিল প্রশাসন

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় তিন মাস ধরে একটি শিক্ষিকা পরিবারের বাড়িতে যাতায়াতের একমাত্র পথ বন্ধ থাকার ঘটনায় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে চলাচলের পথে দেওয়া বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া অপসারণ করা হয়েছে, ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে সাময়িক মুক্তি পেয়েছে পরিবারটি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর তিনি চলাচলের পথে স্থাপিত প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের উপস্থিতিতেই বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল বেপারী বাড়ির বাসিন্দা এবং সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাছলিমা সুলতানার পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ঘটনায় পরিবারটি দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তির শিকার হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন মাস ধরে স্বাভাবিকভাবে বাড়িতে যাতায়াত করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে কখনও পুকুর সাঁতরে, আবার কখনও ঝুঁকিপূর্ণ বিকল্প পথ ব্যবহার করে চলাচল করতে হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সহকারী শিক্ষিকা তাছলিমা সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবার অমানবিক পরিস্থিতির মধ্যে ছিল। প্রতিদিন বিদ্যালয় থেকে ফিরে নিজ বাড়িতে প্রবেশ করতেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। একই দুর্ভোগ পোহাতে হয়েছে তার সন্তানদেরও।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় আপাতত চলাচলের পথে দেওয়া বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া অপসারণ করা হয়েছে। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান থাকবে। স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের জের ধরেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চলাচলের পথে দেওয়া প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। তিনি বলেন, কারও যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে দুর্ভোগে ফেলা গ্রহণযোগ্য নয়। আদালতে বিচারাধীন বিষয় আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে, তবে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শিক্ষিকা পরিবারের চলাচলের পথ বন্ধ থাকার বিষয়টি প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। এরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে পথটি উন্মুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *