হাজীগঞ্জ প্রতিনিধি : উপজেলার পূর্ব রাজারগাঁও এলাকায় মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে রাইয়ান (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও পোদ্দার বাড়ির আবু হানিফের ছেলে রাইয়ান স্থানীয় মহমায়া মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। নিখোঁজ হওয়ার সময় তার পরনে বেগুনী রঙের পাঞ্জাবি ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয় রাইয়ান। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। স্থানীয় আত্মীয়-স্বজন এবং আশপাশের এলাকায় খোঁজ চালানো হলেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
এদিকে, কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটির সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ : ০১৮২০০০৭২৭৩

