স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (বিকেল ৩টা) জেলা সমবায় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।
সভায় নির্বাচন ব্যবস্থাপনা, কমিটি গঠন এবং সামগ্রিক নির্বাচনী কার্যক্রম পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন এবং নাজমুন নাহার।
তারা বলেন, সমবায়ের নির্বাচন যেন সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনকালীন সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং- ০৮/চাঁদ/১৯), ট্রাকঘাট, নতুন বাজার, চাঁদপুর-এর প্রথম নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নির্ধারিত রয়েছে।
বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মিজানুর রহমান খান এবং সম্পাদক মোঃ হারুন অর রশিদ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ হুমায়ুন কবির স্বপন এবং কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ভূঁইয়া।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রব ভুইয়া (সাবেক সভাপতি), ফরিদ আহমেদ খান শিপন, মোঃ আলমগীর হোসেন, মকবুল গাজী, ফারুক মজুমদার, জাকির খান, সবুজ পাটওয়ারী, নাসির আহমেদ ভুইয়া, হাবিব মোল্লা ও মোঃ তালহা খান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

