মতলব উত্তরে ধর্ষণ মামলায় দুইজন গ্রেপ্তার

মতলব উত্তরে ধর্ষণ মামলায় দুইজন গ্রেপ্তার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব উত্তর উপজেলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা-এ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি এবং ঘটনাটিতে সহায়তার অভিযোগে ভিকটিমের আপন বড় বোনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। বুধবার (১০ জুন) উপজেলার পশ্চিম হানিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাইয়ুম মাল (৩৬) এবং ভিকটিমের বড় বোন মোসা. তানিয়া আক্তার (২৮)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিমের মা ২০২৩ সালে জীবিকার প্রয়োজনে দুবাই চলে গেলে কিশোরীটি তার বড় বোন তানিয়া আক্তারের বাড়িতে থেকে পড়াশোনা করত।

অভিযোগ অনুযায়ী, বিভিন্ন প্রলোভনের মাধ্যমে বড় বোন তানিয়া আক্তার অভিযুক্ত কাইয়ুম মালকে সহায়তা করেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১২ অক্টোবর পশ্চিম হানিরপাড় এলাকায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া, অভিযুক্ত কাইয়ুম মাল ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করেছে বলেও মামলায় উল্লেখ রয়েছে।

প্রায় এক মাস আগে ভিকটিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসা পরীক্ষায় জানা যায়, তিনি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এরপর পারিবারিকভাবে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ভিকটিম দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের ঘটনা প্রকাশ করেন বলে জানা গেছে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং পেনাল কোডের ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *