চিতোষীতে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চিতোষীতে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তি উপজেলার চিতোষী শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। সোমবার (৯ জুন) চিতোষী শাখা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এলাকার অতিদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়ার সুযোগ পান।

সকাল থেকেই রোগীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্প এলাকা। মেডিসিন, গাইনি, শিশু, চর্ম ও যৌনরোগ, সার্জারি এবং চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. ফারজানা আক্তার, ডা. রিফাত উদ্দিন আহমেদ, ডা. মো. সুমন রহমান, ডা. মো. মুহিব সরকার, ডা. মো. তানজিয়া আরাবী, ডা. মো. ইশতিয়াক আহমেদ, ডা. জীম সাগর, ডা. ফারজানা সুলতানা এবং ডা. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. রাজু হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চিতোষী শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, হিসাবরক্ষক মো. ইব্রাহিম খলিলসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী বক্তব্যে মো. রাজু হোসেন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় পিএমকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, সুস্থ জাতি গঠনে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, এ ক্যাম্পের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যপরামর্শ, প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, চক্ষু রোগীদের জন্য পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শাখা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু চিকিৎসা এবং ওষুধ বিতরণসহ নানা কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

চিকিৎসাসেবা নিতে আসা এক নারী উপকারভোগী জানান, আর্থিক সংকটের কারণে অনেক সময় চিকিৎসক দেখানো ও ওষুধ কেনা সম্ভব হয় না। এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং চোখের সমস্যার জন্য প্রয়োজনীয় সেবা পেয়ে তিনি উপকৃত হয়েছেন।

আরেকজন প্রবীণ সেবাগ্রহীতা বলেন, একসঙ্গে এতজন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া তাদের জন্য বিরল সুযোগ। চিকিৎসকেরা সময় নিয়ে রোগের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, যা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ বিভিন্ন বয়সী প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *