জাহাঙ্গীর আলম প্রধান : মতলব পৌরসভার দিঘলদী পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত মান্নান পাটোয়ারী (মন্নান পাটোয়ারী) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। হামলার তিন দিন পর রবিবার (১ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিঘলদী পাটোয়ারী বাড়ির বাসিন্দা মৃত সিদু পাটোয়ারীর ছেলে হারুন পাটোয়ারী ও তার স্ত্রী সাহানাজ নিজেদের জমিতে গাছ রোপণ করতে গেলে একই বাড়ির মৃত আরফ আলীর ছেলে সুমন পাটোয়ারী এতে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ঘটনার কিছু সময় পর সুমন পাটোয়ারী বহিরাগত প্রায় শতাধিক লোক নিয়ে ওই বাড়িতে এসে হামলা চালান। হামলায় হারুন পাটোয়ারী ও তার ভাই মন্নান পাটোয়ারী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মন্নান পাটোয়ারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।
মন্নান পাটোয়ারীর মৃত্যুর খবরে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও সাম্প্রতিক এই সহিংসতার ঘটনায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

