আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক সংবাদ জাতীয় সংবাদ প্রধান সংবাদ

সংবাদ ডেস্ক : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৮ মে) হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, ভোরে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একটি “অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক” ঘটনা ঘটে, যেখানে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারেন, ওই ওয়ার্ডে মোট ১১ জন মা ভর্তি ছিলেন। এর মধ্যে ছয়জন মায়ের নবজাতক সন্তান তাদের সঙ্গে ছিল এবং শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। বাকি পাঁচ নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় ওয়ার্ডটিতে “সাফোকেটিভ” বা দমবন্ধকর পরিবেশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির জটিলতা অথবা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে ওয়ার্ডের পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠেছিল। তিনি বলেন, এসি বন্ধ হয়ে গেলে সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না।

ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন উপপরিচালক এবং অধিদপ্তরের আরেকজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিকে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ, অবকাঠামোগত নিরাপত্তা ও সম্ভাব্য কারিগরি ত্রুটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আরও বলেন, তদন্তে যদি দায়িত্বে অবহেলা, ব্যবস্থাপনায় ত্রুটি বা অবকাঠামোগত গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি রাজধানীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও হাসপাতালের নিরাপত্তা মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে নবজাতক ও প্রসূতি সেবার পরিবেশ, ভেন্টিলেশন ব্যবস্থা এবং হাসপাতালের জরুরি অবকাঠামোগত সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *