মাওলানা সাইফুল্লাহ : চাঁদপুর শহরের চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। গতকাল ৬ সেপ্টেম্বর ছিল মনোনয়ন ফরম উত্তোলনের শেষ দিন।
শেষ দিনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম উত্তোলনকারী প্রার্থীদের মধ্যে সভাপতি পদে রয়েছেন ইউনুস খান ও সেলিম হাওলাদার।
সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ও হারুন হাওলাদার মনোনয়ন ফরম নিয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মাসুদ বেপারী এবং সহ-সভাপতি পদে উত্তম কুমার ঘোষ ফরম উত্তোলন করেন।
কোষাধ্যক্ষ পদে মানিক ঢালী, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. নুরু কাজী এবং যুগ্ম সম্পাদক পদে মমিন মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ফরিদা গাজী, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন, প্রচার সম্পাদক পদে বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য পদে সাইদ শেখ ও ফয়সাল মনোনয়ন ফরম উত্তোলন করেন।
সদস্য পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেননি। এ বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনার জন্য মোট ৯ সদস্যের একটি কমিটি দায়িত্ব পালন করছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন মো. বাচ্চু হাওলাদার, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট হাবিবুর রহমান (লিটু), মো. শাহীন ভূঁইয়া, মো. শাহিন চৌধুরী, মো. নজরুল ইসলাম (সেকুল) ও মো. খোরশেদ আলম সোহাগ। সদস্য সচিব হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম (রতন)।

