মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড় নয় : ওসি ফয়েজ আহমেদ

মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড় নয় : ওসি ফয়েজ আহমেদ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

আনিছ আহমেদ রাসেল : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকসংক্রান্ত বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

ওসি ফয়েজ আহমেদ আরও বলেন, বাগাদী ইউনিয়নের কোনো বিএনপি নেতা এখন পর্যন্ত তাঁর কাছে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়ার জন্য তদবির করেননি। ইউনিয়ন থেকে মাদক নির্মূলে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে পুলিশ তাকে আটক করতে পারে। তবে কাউকে কারাগারে পাঠানো বা সাজা দেওয়ার দায়িত্ব পুলিশের নয়। অনেক সময় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না; কিছুটা সময় লাগে।

এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, কোনো অপরাধীকে আটক করা সম্ভব হলে প্রয়োজনে ভিডিও করে রাখবেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাবে।

পুলিশের জনবল সংকটের বিষয়টি তুলে ধরে ওসি বলেন, প্রতি ৬ হাজার মানুষের জন্য একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ কারণে মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সার্বক্ষণিক সহযোগিতা প্রয়োজন।

সভায় বিট পুলিশিং ও চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক পীরজাদা মো. বরকত ঊল্লাহ খান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নুর, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মনির হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুনায়েদ উল্লাহ খান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, ইউপি সদস্য গিয়াস উদ্দিন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ ঊল্লাহ খান, মুফতি শাহজাহান এবং পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম মিয়াজী।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা একটি মাদকবিরোধী র‌্যালি বের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *