নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে সামছুন্নাহার বলেন, হতদরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে জেলা লিগ্যাল এইড কমিটি সার্বক্ষণিক কাজ করছে। সাধারণ অসহায় মানুষের জন্য লিগ্যাল এইড কমিটির দ্বার উন্মুক্ত।
তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাচ্ছেন। আগের তুলনায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। প্রচার-প্রচারণা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে এ কার্যক্রমের প্রতি আস্থা ও বিশ্বাসও বৃদ্ধি পেয়েছে। ফলে এখন আরও বেশি মানুষ আইনগত সহায়তা নিতে লিগ্যাল এইডের দ্বারস্থ হচ্ছেন।
সামছুন্নাহার আরও বলেন, মামলার আপস-নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে। এ ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
তিনি জানান, চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের নিজস্ব কার্যালয় থাকলে কার্যক্রম আরও গতিশীল হবে। সরকার ইতোমধ্যে জেলা লিগ্যাল এইডের নিজস্ব অফিস নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এখন উপযুক্ত জায়গা পাওয়া গেলে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে।
এ জন্য লিগ্যাল এইড কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ করে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সহযোগিতা চান সামছুন্নাহার। তিনি বলেন, চাঁদপুরের বিভিন্ন এলাকার সরকারি জায়গা সম্পর্কে সংশ্লিষ্টরা ভালোভাবে জানেন। অসহায় মানুষ যাতে সহজে যাতায়াত করে আইনি সুবিধা নিতে পারেন, এমন একটি জায়গা নির্বাচন করে সেখানে লিগ্যাল এইডের নতুন ভবন নির্মাণ করা হবে।
সভাটি পরিচালনা করেন চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীম।
সভায় বক্তব্য দেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তাসনীম জোহরা, চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জেলা কারাগারের সুপারের প্রতিনিধি জুবাইর হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ লিগ্যাল এইড কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীম আগস্ট মাসের কার্যক্রমের তথ্য তুলে ধরেন। তিনি জানান, এ মাসে ১৩৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।
এ সময়ে ১২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের মাধ্যমে ১০২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সফল হয়েছে ৪০টি।
আগস্ট মাসে মোট ১৩৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে ৭৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

