চাঁদপুর প্রেস ক্লাবে পিআইবির এআই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

চাঁদপুর প্রেস ক্লাবে পিআইবির এআই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর জাতীয় সংবাদ স্লাইড

পিআইবি দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় একাডেমি হিসেবে পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে : ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, পিআইবি দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় একাডেমি হিসেবে পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে। প্রতিষ্ঠানটি কোনো শাস্তিমূলক বা বিচারমূলক ভূমিকা পালন করে না; বরং সাংবাদিকতার মানোন্নয়নই এর প্রধান লক্ষ্য। তিনি চাঁদপুর প্রেস ক্লাবকে সফলভাবে কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। একই সঙ্গে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মকে সংবাদ প্রচারের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা ও অর্থনৈতিক উন্নয়ন সমান্তরালভাবে এগিয়ে নিতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি তিনি সাংবাদিকতার বিভিন্ন ধারা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক এই প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পিআইবিকে প্রশিক্ষণ আয়োজন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। এতে বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র প্রদান করা হয়। এছাড়া পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ সংশ্লিষ্টদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী।

উল্লেখ্য, গত ২৩ জুলাই শুরু হওয়া ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিনদিনের এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয় ২৫ জুলাই। কর্মশালায় চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *