শাহরাস্তিতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউএনওর সচেতনতামূলক সভা

শাহরাস্তিতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউএনওর সচেতনতামূলক সভা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

সজল পাল : শাহরাস্তি উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বুধবার (২২ জুলাই ২০২৬) শাহরাস্তি উপজেলার ফটিকখিরা এস.এ. বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, যৌতুকের সামাজিক ও পারিবারিক কুফল এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় ইউএনও মনিরা খাতুন বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, যা একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে তাদের মাঝে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *