স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. নূরুজ্জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
মো. নূরুজ্জামান ২০০৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জনের পর ২০১১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-তে যোগ দেন।
পেশাগত জীবনে তিনি খুলনার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া এলজিইডির সদর দপ্তরের প্রশাসনিক শাখা, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় উপজেলা প্রকৌশলী, ভোলা জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলী এবং পদোন্নতির পর কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দায়িত্ব গ্রহণের পর মো. নূরুজ্জামান বলেন, চাঁদপুর জেলার গ্রামীণ সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার।
তিনি আরও বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এলজিইডির কার্যক্রম আরও গতিশীল করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ঠিকাদার ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি। সবার অংশগ্রহণে চাঁদপুরের অবকাঠামোগত উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

