নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভায় ফাউন্ডেশনের নিজস্ব জমিতে বহুতল আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় জানানো হয়, ফাউন্ডেশনের আয় বৃদ্ধি করে জেলার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুর ফাউন্ডেশন জেলার মানুষের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ছাড়াও স্বাস্থ্য, ক্রীড়া এবং অন্যান্য সামাজিক উন্নয়নমূলক খাতে ফাউন্ডেশনের অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, ফাউন্ডেশনের জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ইতোমধ্যে সমাধান হয়েছে। জমির নামজারি (রেকর্ড) সম্পন্ন হয়েছে, সেখানে সাইনবোর্ড স্থাপন এবং জায়গা বুঝে নেওয়ার কাজও শেষ হয়েছে। এখন ফাউন্ডেশনের আয় বৃদ্ধির জন্য বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যেই ফাউন্ডেশনের জমিতে বহুতল আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ এবং সোনালী ব্যাংক, চাঁদপুর শাখার ব্যবস্থাপকের প্রতিনিধি ও ব্যাংকের কোষাধ্যক্ষ মো. মফিজ উদ্দিনসহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় চাঁদপুর ফাউন্ডেশনের নীতিমালা প্রণয়নের জন্য একটি উপ-কমিটি এবং বহুতল মার্কেট নির্মাণ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে পৃথক একটি উপ-কমিটি গঠন করা হয়।

