রাজীব চন্দ্র শীল : কচুয়া উপজেলার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে আটটি ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার কচুয়া বিশ্বরোড এলাকায় জেলা ঔষধ প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির। এ সময় উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিযানে ঔষধ ও কসমেটিক আইন অনুযায়ী বিশ্বাস ফার্মেসিকে ২০ হাজার টাকা, মিয়াজী ফার্মেসিকে ২০ হাজার টাকা, মা ফার্মেসি (দীপক) ১০ হাজার টাকা, মহসিন ফার্মেসি ১০ হাজার টাকা, মোরশেদ ফার্মেসি ১০ হাজার টাকা, নিয়াজ ফার্মেসি ৫ হাজার টাকা, রবীন্দ্র ফার্মেসি ৫ হাজার টাকা এবং জাহরা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের কারণে সাত ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল পৃথকভাবে ওষুধ ব্যবসায়ী মোরশেদকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ফলে দিনব্যাপী অভিযানে মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

