হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ বাজারের সুপরিচিত নারী উদ্যোক্তা ও পার্লার ব্যবসায়ী তাহমিনা আক্তার পবিত্র ওমরা পালন শেষে দীর্ঘদিনের পার্লার ব্যবসা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানান, জীবনের অবশিষ্ট সময় স্বামী-সন্তানের সেবাযত্ন এবং পারিবারিক দায়িত্ব পালনে নিজেকে নিবেদিত রাখতে চান।
তাহমিনা আক্তার কর্মজীবনের শুরুতে চাঁদপুর জজ কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সৌন্দর্যসেবা খাতে যুক্ত হয়ে প্রতিষ্ঠা করেন ‘রূপসী তমা পার্লার’। সময়ের সঙ্গে তিনি হাজীগঞ্জের পরিচিত নারী উদ্যোক্তা হিসেবে সুনাম অর্জন করেন।
হাজীগঞ্জ থানার সামনে একটি ভবনের দ্বিতীয় তলা, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পূর্ব পাশের গলি এবং হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার পেছনসহ বিভিন্ন স্থানে তিনি সফলভাবে পার্লার পরিচালনা করে আসছিলেন।
কিছুদিন আগে তিনি একটি জটিল রোগে আক্রান্ত হন। চিকিৎসা ও অস্ত্রোপচারের পর জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় পার্লার ব্যবসা ছেড়ে দিয়ে পবিত্র ওমরা পালন করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাহমিনা আক্তার বলেন, “পবিত্র ওমরা পালনের আগেই আমি পার্লারের ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে স্বামী-সন্তানের খেদমতে নিয়োজিত আছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে জীবনের বাকি সময় স্বামী ও পরিবারের সেবায় কাটানোর তাওফিক দান করেন। এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পার্লার ব্যবসার মাধ্যমে হাজীগঞ্জে পরিচিত মুখ ছিলেন তাহমিনা আক্তার। ব্যবসা থেকে সরে এসে ধর্মীয় অনুশাসন এবং পারিবারিক জীবনে নিজেকে সম্পৃক্ত করার তার এই সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। একই সঙ্গে তারা তার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন।

