চাঁদপুরে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সমাপনী দিনে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, আর্থিক সহায়তা প্রদান, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে। ‘সারা বাংলা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ স্লোগানে পরিচালিত সংগঠনটি বন্ধুত্বের পাশাপাশি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সমাপনী অনুষ্ঠান বিকেলে চাঁদপুর শহরের মোহনা হাউজিং এলাকায় অবস্থিত মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এ ধরনের সংগঠন দীর্ঘদিনের বিচ্ছিন্ন সহপাঠীদের পুনর্মিলনের সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। একই সঙ্গে মানুষের কল্যাণে সংগঠনটির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মো. সেলিম সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমান। এছাড়া বক্তব্য দেন জয়েন্ট কো-অর্ডিনেটর আহমেদ কবির রিংকু ও আলহাজ নাছির উদ্দিন শাকিল।

দিনের কর্মসূচির শুরুতে মডেল মসজিদ প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। পরে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ করা হয়। এছাড়া ক্যানসারে আক্রান্ত এক ‘৮৮ বন্ধু’র সন্তানের চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সবশেষে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথি ও সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট কো-অর্ডিনেটর বদরুল হক শামীম, কামরুজ্জামান মুন্না, মো. ইকবাল হোসেন, সৈয়দ আহমেদ বাবুল, সৈয়দ আহমেদ খান শাকিল, দেওয়ান হাবিবুর রহমান, মো. ইকবাল খান, আলমগীর হোসেন মনির, আব্দুর রহমান খোকা, দেশক্ষত্রীয় শ্যাম, শম্ভুনাথ সাহা, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মনির হোসেন, মান্নান মানু, নুরজাহান পারভীনসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের দারুল উলুম নিয়ামতিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। তিনদিনের আয়োজনে প্রয়াত বন্ধু এবং তাদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। দ্বিতীয় দিন বুধবার (১৫ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের বায়তুল আমিন মসজিদের সামনে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *