চাঁদপুরে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুরে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল, অস্পষ্টতা ও অতিরিক্ত কঠিন প্রশ্ন থাকার অভিযোগ এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের বাসস্ট্যান্ড মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না, সংগ্রাম-সংগ্রাম, সংগ্রাম’ এবং ‘ভুয়া, ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের মুখে পড়েন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

এ ছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল, অস্পষ্টতা এবং অস্বাভাবিকভাবে কঠিন প্রশ্ন ছিল বলেও অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের ভাষ্য, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের কথা বলা হলেও বাস্তবে প্রশ্নের মান ও কাঠামো সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুনায়েদ বলেন, শিক্ষার্থীদের মতামত বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। একই ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বাস্তবে কার্যকর হয়নি। তিনি প্রশ্ন রাখেন, ‘এ অবস্থায় আমরা ফলাফলে ক্ষতিগ্রস্ত হলে তার দায় কে নেবে?’

বিক্ষোভকারীরা পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষা পরিচালনার সিদ্ধান্তের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *