বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে জাতীয় সম্মেলন, চুক্তি স্বাক্ষর করল তিন প্রতিষ্ঠান

বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে জাতীয় সম্মেলন, চুক্তি স্বাক্ষর করল তিন প্রতিষ্ঠান

আন্তর্জাতিক সংবাদ উপজেলা সংবাদ চাঁদপুর সদর জাতীয় সংবাদ স্লাইড

মাহমুদুর রহমান, ঢাকা থেকে : দেশের মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষার প্রসার এবং বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স ২০২৬ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) যৌথভাবে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর ধানমন্ডিতে দীপ্তি কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন দীপ্তি ও স্কিলস অ্যান্ড ইকোসিস্টেমসের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন, এইচআরডিআই-এর সহকারী পরিচালক আমির হামজা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

চুক্তির আওতায় আগামী ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫০ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষককে নিয়ে জাতীয় পর্যায়ের এই সম্মেলনের আয়োজন করা হবে। আয়োজকদের মতে, সম্মেলনটি বিজ্ঞান শিক্ষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক বিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

সম্মেলনের বিভিন্ন সেশনে অনুসন্ধানভিত্তিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষা, ডিজিটাল লার্নিং টুলসের ব্যবহার, বিজ্ঞান ক্লাব কার্যক্রম সম্প্রসারণ, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের কৌশল নিয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

এছাড়া দেশের বিজ্ঞান শিক্ষকদের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি জাতীয় বিজ্ঞান শিক্ষক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নেটওয়ার্ক ভবিষ্যতে বিজ্ঞান শিক্ষা উন্নয়নে সমন্বিত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক প্রতিষ্ঠানগুলোর মতে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে হলে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং বিজ্ঞান শিক্ষার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। এ সম্মেলনের মাধ্যমে শিক্ষকদের নতুন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবক, গবেষক এবং দক্ষ সমস্যা সমাধানকারী গড়ে তোলার পথ আরও সুগম হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স’ কনফারেন্স ২০২৬ দেশের বিজ্ঞান শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী করে তুলতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *