মো: মনির হোসেন : জেলার বলাখাল–রামচন্দ্রপুর সেতুর সংস্কার কাজ চলমান রয়েছে। স্থানীয় জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ২০২৪–২৫ অর্থবছরের বরাদ্দকৃত ৪১ লক্ষ টাকার প্রকল্পের আওতায় এ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ওসমানী এন্ড ব্রাদার্স এবং ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ সিরাজুল ইসলাম।
সম্প্রতি চলমান কাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শন করেন জেলা উপ-সহকারী প্রকৌশলী অনুভব চক্রবর্তী এবং হাজীগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। এ সময় তারা সেতুর সংস্কার কাজ ঘুরে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংস্কার কাজ সম্পন্ন হলে বলাখাল ও রামচন্দ্রপুর এলাকার হাজারো মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে। পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কার জরুরি ছিল। বর্তমানে চলমান কাজের অগ্রগতিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন।

