আরিফুর রহমান / সোহেল : চাঁদপুরে মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের বাইতুল আমিন চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, ক্লিন চাঁদপুর, কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজী।
এ সময় বক্তব্য দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন, ক্লিন চাঁদপুরের সদস্য ওয়াজি উল্লাহ জিন্নাহ, দৈনিক চাঁদপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম পাটওয়ারী, সংগঠনের ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাঈন, কার্যকরী সিনিয়র সদস্য আব্দুল গণি, ওমর শরীফ ও আরিফুর রহমান সাগর, চাঁদপুর কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল, জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মো. নাজমুল ইসলাম এবং জাতীয় দৈনিক সন্ধ্যা বাণীর স্টাফ রিপোর্টার মো. আরিফুর রহমান সাগর।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও কিশোরগ্যাং সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এসব অপরাধে তরুণদের সম্পৃক্ততা নৈতিক অবক্ষয়, পারিবারিক অস্থিরতা, অপরাধপ্রবণতা এবং সামাজিক নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ জরুরি।
তারা আরও বলেন, সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকরা জনমত গঠন ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখা মাসব্যাপী মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করছে।

