চাঁদপুরে ইসলামী ব্যাংকের নিরাপদ আর্থিক লেনদেনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরে ইসলামী ব্যাংকের নিরাপদ আর্থিক লেনদেনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং লেনদেন নিশ্চিতকরণ এবং ডিজিটাল আর্থিক সেবার সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দিতে আর্থিক সাক্ষরতা ও লেনদেন নিরাপত্তাবিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারস্থ ফাইয়াজ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চান্দ্রা এজেন্ট শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাঁদপুর শাখার এভিপি ও শাখা প্রধান মো. শাখাওয়াত হোসাইন। তিনি বলেন, বর্তমান সময়ে প্রতিটি নাগরিকের জন্য আর্থিক সাক্ষরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে গ্রাহকদের সচেতন থাকার পাশাপাশি প্রতারণামূলক ফোনকল, ভুয়া লিংক এবং ওটিপি (OTP) সংক্রান্ত জালিয়াতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জিউল হক মিলন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাঁদপুর শাখার অফিসার মো. মজিবুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা নূর মোহাম্মদ খান। এছাড়া বক্তব্য দেন মাওলানা মো. জয়নাল আবেদীন ও প্রবাসী এবিএম শরীফ।

কর্মশালায় স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আর্থিক প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচির বিকল্প নেই। এ ধরনের আয়োজন গ্রাহকদের নিরাপদ লেনদেন সম্পর্কে আরও সচেতন করতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *