শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমি কেটে মাটি উত্তোলন, ভেকুর ব্যাটারি জব্দ

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমি কেটে মাটি উত্তোলন, ভেকুর ব্যাটারি জব্দ

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলায় অনুমতিবিহীনভাবে ভেকু দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চিতোষী পূর্ব ইউনিয়নের কসবা, বড়তুলা ও কাদরা গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকুর দুইটি ব্যাটারি জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় সম্পন্ন করা হয়।

অভিযানকালে দেখা যায়, ব্যক্তিমালিকানাধীন জমি থেকে ভেকু ব্যবহার করে মাটি উত্তোলনের ফলে পার্শ্ববর্তী কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য ঝুঁকি তৈরি করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পরে একটি স্থানে ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “অনুমোদন ছাড়া কেউই মাটি উত্তোলন করতে পারে না। অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, স্থানীয় অভিযোগ এবং জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিধি উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *