স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে শনিবার সকালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ১৮ জন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এতে ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ কিস্তি, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় কিস্তি এবং ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরে ঢাবিয়ানের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক পুরবী সরকার শম্পা। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম গাউস রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাকছুদুর রহমান, পৃষ্ঠপোষক এবিএম শামসুল আলম (হিরু), উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মোহাম্মদ রুহুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান।
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, অর্থ সম্পাদক মো. মাসুদ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক সুমন মজুমদার, মিডিয়া ও আইটি সম্পাদক আব্দুল মতিন সরকার নিসাতসহ বিভিন্ন পেশায় কর্মরত ঢাবিয়ান প্রাক্তন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক সংকটে শিক্ষাজীবন থেকে পিছিয়ে না পড়ে—এ লক্ষ্যেই সংগঠনটি কাজ করছে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
তারা আরও উল্লেখ করেন, শিক্ষাবৃত্তি কার্যক্রম শুধু আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে সামাজিক বিনিয়োগ। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করে অধিক সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছানোর প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে সংগঠনের সকল সদস্য, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

