ক্ষতিকর শিশু খাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

ক্ষতিকর শিশু খাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে অনুমোদনহীন ও ক্ষতিকর শিশু খাদ্য মজুদ এবং বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা অননুমোদিত ও মেয়াদসংক্রান্ত তথ্যবিহীন শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে দেখা যায়, একটি প্রতিষ্ঠানে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া বিভিন্ন ধরনের শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এছাড়া এসব পণ্যের মধ্যে অনুমোদনহীন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যসামগ্রীও পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হাসান এন্টারপ্রাইজের মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে জব্দ করা উৎপাদন ও মেয়াদবিহীন শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়।

এ সময় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে চাঁদপুর জেলা পুলিশের একটি দল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা কমিটির সদস্য মো. বিপ্লব সরকার।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *