মেঘনার ঘূর্ণিস্রোতে ডুবল ধান-চালবোঝাই কার্গো

মেঘনার ঘূর্ণিস্রোতে ডুবল ধান-চালবোঝাই কার্গো

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

মাও. সাইফুল্লাহ : চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় প্রবল ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল এবং ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি আগের দিন যাত্রা শুরু করে। বুধবার সকালে পুরানবাজার ঘাটের কাছাকাছি পৌঁছালে ত্রিমোহনার প্রবল ঘূর্ণিস্রোতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে একপর্যায়ে উল্টে যায়।

দুর্ঘটনার সময় কার্গোতে থাকা পাঁচ শ্রমিক দ্রুত সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে ভিড়ানো হয়।

চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের সাতজন ব্যবসায়ীর মালামাল। এতে তাদের সম্মিলিতভাবে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে পদ্মা ও মেঘনা নদীতে তীব্র স্রোত ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকাল থেকেও চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এ অবস্থার মধ্যেই পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর ত্রিমোহনা দিয়ে প্রতিদিন শতাধিক ছোট-বড় নৌযান চলাচল করছে, ফলে নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *