স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব ২০২৬’। বুধবার (২৪ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উৎসবে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শনের পাশাপাশি ফলগুলোর পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং খাদ্যাভ্যাসে এর গুরুত্ব সম্পর্কে উপস্থাপনা করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি শিক্ষামূলক ও আনন্দঘন রূপ নেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপনার দক্ষতা এবং ফল সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন দত্ত, নাজনীন সুলতানা ও বিথী কর্মকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ল্যাবরেটরি স্কুলের অভিভাবক মো. মাসুদুর রহমান।
বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুসরাত জাহানের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষক তানজিলা আক্তার, স্মৃতি ঘোষসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, দেশীয় ফল বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের মধ্যে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি প্রকৃতি ও পুষ্টিবিষয়ক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মৃদুল কান্তি দাস বলেন, শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই বিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। ফল উৎসবের মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ফল সম্পর্কে জানার পাশাপাশি আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার সুযোগ পায়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

