স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা, র্যালি এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়িত হলে লেনদেন হবে আরও নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত; একই সঙ্গে কাগজের মুদ্রা ছাপানোর বিপুল ব্যয়ও কমে আসবে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় পূবালী ব্যাংক পিএলসির চাঁদপুর নতুন বাজার শাখার উদ্যোগে শহরের মীর শপিং কমপ্লেক্সে অবস্থিত কাচ্চি ডাইনিং রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের কুমিল্লা অঞ্চল প্রধান (আরএম) মাইনুল ইসলাম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করছে। গ্রাহকসেবাকে আরও সহজ ও আধুনিক করতে স্মার্ট লেনদেন ব্যবস্থার সম্প্রসারণ বর্তমানে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরও বলেন, ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিরাপদে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তাও বৃদ্ধি পাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকার প্রতি বছর কাগজের মুদ্রা ছাপাতে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় করে থাকে। ক্যাশলেস লেনদেন ব্যাপকভাবে চালু হলে এই ব্যয় কমিয়ে উন্নয়নমূলক খাতে অর্থ বরাদ্দের সুযোগ সৃষ্টি হবে।
পূবালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখার ব্যবস্থাপক রাসেল আহাম্মদের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কামরুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রধান শাখার এজিএম বিউটি দাস।
এছাড়া বক্তব্য দেন মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ব্যাংকের গ্রাহক তৈয়ব তাহের সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার মাধ্যমে অর্থ আদান-প্রদান আরও কার্যকর ও স্বচ্ছ হয়। মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করা যায়। এর ফলে খুচরা টাকার সংকট, নগদ অর্থ ব্যবস্থাপনার অতিরিক্ত ব্যয় এবং জাল নোটের ঝুঁকি কমে আসে। পাশাপাশি কালো টাকার বিস্তার রোধেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সভার আগে পূবালী ব্যাংকের নতুন বাজার শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের জেএম সেনগুপ্ত সড়ক প্রদক্ষিণ করে মীর শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
পরে শহরের জোড়পুকুরপাড় এলাকায় ক্যাশলেস লেনদেন বিষয়ে তিনদিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

