জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে মতলব কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার এবং যৌতুকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী ও সহকারী প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস অনুষ্ঠানটি পরিচালনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অডিও রেকর্ডের মাধ্যমে বক্তব্য দেন, যা যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফের মুঠোফোনের মাধ্যমে উপস্থিত সবাইকে শোনানো হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল জাকির হোসেন কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপ-প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ, অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো. ইয়াসীন এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান।
বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রসার, মানবিক মূল্যবোধের চর্চা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার মাধ্যমে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব। এজন্য পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে তারা মত দেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী প্রিয়াঙ্কা, আশিক, অনন্যা ও কিশোর এবং কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান গান পরিবেশন করেন।

