মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এলাকায় প্রবল ঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ফয়েজ আহমেদ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার গজরা ইউনিয়নের টরকি কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ করেই এলাকায় তীব্র ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়। ঝড়ের একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে পরিবারের টিনশেড ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে ঘুমিয়ে থাকা শিশুটি চাপা পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে গুরুতর আহত অবস্থায় ফয়েজ আহমেদকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেন।
ঈদকে সামনে রেখে এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। সন্তান হারানোর বেদনায় বারবার ভেঙে পড়ছেন মা-বাবা। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ শিশুটিকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ভিড় করেন। কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ঝড়ো আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বেড়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।

