নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) সকালে আয়োজিত এ জুলুছে বিভিন্ন দরবার শরীফের ভক্ত, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
সকাল ৯টায় পশ্চিম বাগাদী ঢালীরঘাট কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসার সামনে থেকে জুলুছটি শুরু হয়। প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অংশগ্রহণকারীরা বাগাদী স্কুল, মাদ্রাসা, চৌরাস্তা ও ইচলী হয়ে পুনরায় ঢালীরঘাট কেন্দ্রীয় মসজিদে ফিরে আসেন।
জুলুছ চলাকালে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টি না হলেও আবহাওয়া ছিল শীতল। এতে দীর্ঘ পথ পায়ে হাঁটার সময় অংশগ্রহণকারীরা স্বস্তিদায়ক পরিবেশ পান।
পশ্চিম বাগাদী ঢালীরঘাট কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল বাগাদী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআত। বাগাদী দরবার শরীফ, গাছতলা দরবার শরীফ ও নানুপুর দরবার শরীফ এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে।
পথিমধ্যে বাগাদী চৌরাস্তায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ খান ইউসুফী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ এবং ঢালীরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন আজহারী।
জুলুছে অংশ নেওয়া মুসল্লিরা সমস্বরে নাতে রাসুল, দরূদ ও মিলাদ-কিয়াম পরিবেশন করেন। এ সময় নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাতের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জুলুছে বাগাদী, গাছতলা ও নানুপুর দরবার শরীফের ভক্ত মুসল্লিদের পাশাপাশি ঢালীরঘাট মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক অংশ নেন। এছাড়া ঢালীরঘাট মঈনিয়া খানকা শরীফের ভক্ত, মঈনিয়া যুব ফোরামের কর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মুসল্লি এতে যোগ দেন।
জুলুছ শেষে ঢালীরঘাট কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা একেএম নেয়ামত উল্লাহ খান। মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা নূরে আলম নাদিম। পরে তবররুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জশনে জুলুছ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মাও. বিল্লাল হোসাইন, মাওলানা আনোয়ার হোসেন, ক্বারী মাওলানা মো. শাহজাহান চাঁদপুরী, মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হুসাইন, মো. রিয়াদ হোসেন মিঠু, মো. শরীফ হাওলাদার, মো. জাহাঙ্গীর গাজী, মো. কবির হোসেন, মো. আব্দুল মান্নান, মো. মহিন গাজী, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সোহেল পাটোয়ারী, হাফেজ মো. ফয়েজ উল্যাহ, হাফেজ আবু তৈয়বুল ইসলাম প্রমুখ।

