জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলুর দাফন সম্পন্ন

জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলুর দাফন সম্পন্ন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৬ জুলাই) বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মো. অলি উল্লাহ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক মরহুমের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় যেতে একাধিকবার অনুরোধ করেছিলেন এবং ধূমপান ছাড়ার পরামর্শও দিয়েছিলেন। শেষ সময়ে তাঁর কাছে ক্ষমা চাইতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অপূরণীয় ক্ষতি। বিশেষ করে ২০০৯ সালের পর চাঁদপুরে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংগঠনকে সুসংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মানুষের জীবনে ভুল-ত্রুটি থাকতেই পারে। উপস্থিত সবার প্রতি মরহুমকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাহবুব আনোয়ার বাবলু ছিলেন বিনয়ী ও সাদাসিধে স্বভাবের মানুষ। তাঁর কোনো পাওনা বা দেনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে দলগতভাবে বিষয়টি দেখার আশ্বাস দেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় জানাজার আগে বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানাজার নামাজে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সফিউদ্দিন আহমেদ, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহাজাহান খান, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হারুনুর রশীদ, আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ বিএনপি, জামায়াত এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মরহুম মাহবুব আনোয়ার বাবলু ২৫ জুলাই দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে মো. কুন্তল খানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনে মাহবুব আনোয়ার বাবলু চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি কবি, সাহিত্যিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *