মতলব দক্ষিণে বিতর্ক উৎসবে কলেজ বিভাগে চ্যাম্পিয়ন মতলব সরকারি কলেজ

মতলব দক্ষিণে বিতর্ক উৎসবে কলেজ বিভাগে চ্যাম্পিয়ন মতলব সরকারি কলেজ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলায় তিন পর্বে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’-এর কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মতলব সরকারি কলেজ। ফাইনালে তারা কেএফটি কলেজিয়েট স্কুল (কলেজ শাখা)-কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। শনিবার (২৫ জুলাই) কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ফাইনাল বিতর্ক, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের প্রতিপাদ্য ছিল— ‘রক্তে রাঙা জুলাই মাস, বৈষম্যের হোক বিনাশ!’। উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ, দায়িত্বশীল নাগরিকত্ব ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, উৎসবের প্রথম পর্বে গত ১৮ জুলাই icddr,b অডিটোরিয়ামে প্রায় ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির অংশগ্রহণে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পর্যায়ের বিতার্কিকরা যুক্তি নির্মাণ, বক্তব্য উপস্থাপন, বিশ্লেষণী দক্ষতা এবং সংসদীয় বিতর্কের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন।

দ্বিতীয় পর্বে ২৪ জুলাই অনুষ্ঠিত হয় ট্যাব রাউন্ড ও নকআউট প্রতিযোগিতা। এতে উপজেলার ১৬টি স্কুল দল, ৮টি বাংলা কলেজ দল এবং ৪টি ইংরেজি বিতর্ক দল অংশ নেয়। তিনটি বিভাগে মোট ২৮টি দল এবং ৮৪ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন জাতীয় বিতার্কিক এবং পুরো আয়োজন পরিচালনায় কাজ করেন ৩০ জন স্বেচ্ছাসেবক।

কলেজ বিভাগের ফাইনালে মতলব সরকারি কলেজের ‘আলোকরশ্মি-১’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় কেএফটি কলেজিয়েট স্কুল (কলেজ শাখা)-এর ‘মাদার অব ড্রাগনস’ দল। এ বিভাগে ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন আয়েশা আক্তার মহিমা এবং ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ হন সুমাইয়া আক্তার।

স্কুল বিভাগে চ্যাম্পিয়ন হয় কেএফটি কলেজিয়েট স্কুলের ‘ভয়েজ অব ডেমোক্রেসি’ এবং রানার্সআপ হয় মতলবগঞ্জ জে.বি. পাইলট স্কুলের ‘জে.বি. ডিবেটার্স’। ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হন মোহিনী মাহি এবং ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন সুফিয়া মুকুল রোজা।

ইংরেজি বিতর্ক বিভাগে কেএফটি কলেজিয়েট স্কুলের ‘জুলাই ফর জাস্টিস’ দল চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের ‘দ্য অ্যাভেঞ্জার্স’ দল রানার্সআপ হয়। এ বিভাগে যৌথভাবে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন তাহমিদ ও রেদোয়ান। ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হন বিসমি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। এছাড়া কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকা শাখার কো-অর্ডিনেটর বদিউল আলম বাবু এবং ডিবেট ক্লাবের মডারেটর মেহেদী হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাবও তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে. এম. ইশমাম জানান, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর এ বিতর্ক উৎসব আয়োজন করা হবে। ভবিষ্যতেও বাংলা ও ইংরেজি—উভয় ভাষার বিতর্ককে নিয়মিতভাবে উৎসবের অন্তর্ভুক্ত রাখা হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি এনামুল হক বাদল বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলন তরুণদের ন্যায়, সমতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডিবেট ক্লাবের মডারেটর মেহেদী হাসান বলেন, এ আয়োজন শুধু প্রতিযোগিতা নয়; বরং যুক্তিনির্ভর, দায়িত্বশীল ও সচেতন নাগরিক গড়ে তোলার একটি প্রয়াস। ভবিষ্যতে উৎসবকে আরও বড় পরিসরে আয়োজনের মাধ্যমে মতলব দক্ষিণকে বিতর্কচর্চার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল এক বিশেষ বার্তায় বিজয়ী, রানার্সআপ এবং অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান।

দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক শিক্ষা, যুক্তিনির্ভর চিন্তাচর্চা, নেতৃত্ব বিকাশ এবং সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *