সব ধর্মই শেখায় মানবতা ও নৈতিকতার শিক্ষা : জেলা প্রশাসক

সব ধর্মই শেখায় মানবতা ও নৈতিকতার শিক্ষা : জেলা প্রশাসক

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বের সব ধর্মই একই বার্তা বহন করে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, কোনো ধর্মই মানুষকে মিথ্যা, চুরি, সহিংসতা বা অন্যের ক্ষতি করতে উৎসাহিত করে না; বরং প্রতিটি ধর্ম মানবকল্যাণ ও নৈতিক জীবন গঠনের শিক্ষা দেয়।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সত্যবাদিতা, মানবিকতা, প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ, গুরুজনের প্রতি সম্মান, শিশুদের প্রতি স্নেহ এবং পারস্পরিক সৌহার্দ্য—এসব মূল্যবোধ প্রতিটি ধর্মেই সমানভাবে গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। ব্যক্তিগত দায়িত্ব, সামাজিক কর্তব্য, নৈতিক আদর্শ এবং সামাজিক-রাজনৈতিক শৃঙ্খলা বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামী ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নগেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদের খতিব সাইফুল আলম খন্দকার, রামকৃষ্ণ আশ্রমের সহযোগী অধ্যাপক অবগ মহারাজ স্বামী সুবলাল নন্দ এবং শিক্ষার্থীদের পক্ষে জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাসুন নাবা।

আলোচনায় বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় অনুশাসনের অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম, হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্মই মানুষকে সত্য, ন্যায়, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দেয়। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধের চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *